প্রাপ্তি হিসেবে তথ্যপ্রযুক্তিতে বরাদ্দ বেড়েছে ২২৩ কোটি টাকা
দেশের ইতিহাসে প্রথবারের মতো ডিজিটাল পদ্ধতিতে জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের বাজেট প্রস্তাব করলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৃহস্পতিবার জাতীয় সংসদে অডিও-ভিজ্যুয়াল মাধ্যমে উপস্থাপিত বাজেট প্রস্তাবনায় দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে এক হাজার ৪১৫ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করেছেন তিনি।
সূত্রমতে, প্রস্তাবিত বাজেটে উন্নয়ন খাতে বরাদ্দ থাকছে এক হাজার ৪৮ কোটি টাকা। বাকি অর্থ বরাদ্দ দেয়া হচ্ছে রাজস্ব খাতে।
অর্থনৈতিক উত্তরণ ও ভতিষ্যৎ পথ পরিক্রমা’ শীর্ষক স্লোগানে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে দ্বিতীয় বারের মতো সংসদে বাজেট প্রস্তাব পেশ করেন অর্থমন্ত্রী।
চলতি অর্থবছরে এক হাজার ৯৩০ কোটি টাকার বাজেটে বরাদ্দ দেয়া হয়েছিলো দেশের প্রযুক্তি খাতকে। এর মধ্যে এক হাজার ৬৪৫ কোটি টাকা ছিলো উন্নয়ন খাতে। তবে সংশোধিত বাজেটের পরিমাণ দাঁড়িয়েছিল এক হাজার ১৯২ কোটি টাকা।
সেই হিসেবে আসন্ন অর্থবছরে তথ্যপ্রযুক্তি খাতের বাজেটে বরাদ্দ কমেছে ৫১৫ কোটি টাকা। তবে প্রাপ্তির হিসেবে বরাদ্দ বেড়েছে ২২৩ কোটি টাকা।